নাটোরে বাঁশঝাড়ের নিচে ১০ হাজার লিটার ডিজেল জব্দ

0
নাটোরে বাঁশঝাড়ের নিচে ১০ হাজার লিটার ডিজেল জব্দ! পানির ট্যাংকে তেল লুকিয়ে উচ্চমূল্যে বিক্রির চক্রান্ত নস্যাৎ করল প্রশাসন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ নাটোরের সিংড়ায় বাঁশঝাড়ের ভেতর মাটির নিচে বিশেষ কায়দায় পানির ট্যাংক বসিয়ে ১০ হাজার লিটার ডিজেল মজুত করে রাখার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (৭ মার্চ) দুপুরে সিংড়া উপজেলার নিংগুইন এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

প্রশাসন সূত্রে জানা গেছে, সিংড়া বাজারের ‘সততা ট্রেডার্স’-এর মালিক রুবেল হোসেন তেলের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও পরে উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যে নিংগুইন এলাকার একটি নির্জন বাঁশঝাড়ে মাটির নিচে ৫টি পানির ট্যাংক পুঁতে ডিজেল লুকিয়ে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ব্যবসায়ী রুবেল হোসেন অবৈধভাবে তেল মজুতের কথা স্বীকার করলে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত তেল আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোকানে স্থানান্তর করে নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেয় প্রশাসন। অভিযানে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনও জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বেআইনিভাবে তেল মজুতের মাধ্যমে বাজারে অস্থিরতা তৈরির পাঁয়তারা করছিলেন ওই ব্যবসায়ী।