বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ছাত্রলীগ নেত্রী আটক

0

বেনাপোল (যশোর)সংবাদদাতা॥ ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন ঢাকার ইডেন কলেজ শাখা ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই সত্যজিত পান্ডে। আটক সুস্মিতা ও তার ছোট ভাই মাগুরা সদরের ঢাকা রোডের স্বপন পান্ডের মেয়ে। চিকিৎসার জন্যে তারা সোমবার সকাল ১০ টার দিকে ভারত যাচ্ছিলেন বলে জানান। জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা ৬টার দিকে তাদের পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম আহম্মেদ জানান, মাগুরা জেলা সদরের স্বপন পান্ডের মেয়ে সোমবার বিকেলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় সন্দেহজনকভাবে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করলে ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি বলে স্বীকার করেন সুস্মিতা। তিনি ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

আটক মাগুরার সাতদোহা এলাকার স্বপন পান্ডের মেয়ে সুস্মিতা ও সত্যজিত পান্ডেকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, ঢাকা ইডেন কলেজ শাখা ছাত্রলীগ নেত্রী সুস্মিতা ও তার ছোট ভাই সত্যজিত পান্ডে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে পোর্ট থানায় হস্তান্তর করে। এখান থেকে তাদেরকে ঢাকার নিউ মার্কেট থানা হেফাজতে হস্তান্তর করা হবে।