নরসিংদীতে কিশোরী হত্যার নেপথ্যে সৎবাবা; দায় এড়াতে সাজিয়েছিলেন ‘অপহরণের নাটক’

0
নরসিংদীর সেই কিশোরী হত্যার রহস্য উদঘাটন। সৎবাবার হাতেই খুন হয়েছেন ১৫ বছরের কিশোরী। দায় এড়াতে সাজিয়েছিলেন অপহরণের নাটক।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ নরসিংদীর সদর উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে শ্বাসরোধে হত্যার রোমহর্ষক রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী স্বয়ং নিহতের সৎবাবা আশরাফ আলী। শনিবার (৭ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত আশরাফ আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানায়, গত ২৬ ফেব্রুয়ারি মহিষাশুড়া ইউনিয়নের একটি শর্ষেখেত থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে দলবদ্ধ ধর্ষণের বিচার চাওয়ায় অপহরণ ও হত্যার অভিযোগ উঠলেও তদন্তে ভিন্ন চিত্র বেরিয়ে আসে। জবানবন্দিতে আশরাফ আলী জানান, কিশোরীর নানা কর্মকাণ্ডে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়ে তিনি একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ঘটনার রাতে নির্জন শর্ষেখেতে ওড়না দিয়ে গলা টিপে হত্যার পর তিনি বাড়িতে গিয়ে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়েন এবং দায় এড়াতে অন্যদের ওপর দোষ চাপিয়ে অপহরণের নাটক সাজান। আলোচিত এই ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং পাঁচজনের বিরুদ্ধে অবৈধ সালিশে জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। পলাতক এক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।