গাজীপুরে পুলিশের গুলিতে আহত হোসেনের পাশে প্রধানমন্ত্রী

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত মো. হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (০৬ মার্চ) বেলা ১২টায় গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরের ছুড়িচালা এলাকায় আহত হোসেন আলীর সঙ্গে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল। সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেম।

প্রতিনিধি দলটি হোসেন আলীর পরিবারের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন। পাশাপাশি নতুন করে একটি চায়ের দোকান চালু করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তাও তুলে দেন তারা।

এ সময় কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে ‘আমরা বিএনপি পরিবার’ এই ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে আহত হোসেন আলীকে চিকিৎসা সহায়তার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ব্যবসায়িক সহায়তাও দেওয়া হয়েছে।