বিতর্কিত মোনাজাতে ফেঁসে যাচ্ছেন বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আমিনুর!

0

স্টাফ রিপোর্টার॥ বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর সরদারের আলোচিত সেই বিতর্কিত মোনাজাতের বিষয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় যশোরের জেলা প্রশাসককে এ তদন্তের ভার দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের একাংশের আয়োজনে শোক দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান সরদার। দোয়া করার সময় তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকারীদের জন্যে বেহস্ত কামনা করেন। তাৎক্ষণিকভাবে দোয়া অনুষ্ঠানের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
এ মোনাজাত আওয়ামী লীগের অপর গ্রুপের নেতা কর্মীদের কাছে হট কেক মনে হয়। এ গ্রুপের প্রধান বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী বির্তকিত এ মোনাজাতের বিষয়ে ইউপি চেয়ারম্যান আমিনুর রহমানের শাস্তি দাবি করে ১ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ দাখিল করেন। দাখিলকৃত অভিযোগে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরো দশ জন নেতা স্বাক্ষর করেন। অভিযোগ আমলে নিয়ে গত ১২ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত একটি পত্র দিয়েছেন যশোরের জেলা প্রশাসককে। পত্রে অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে।
বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আমারা ১০ দিন অপেক্ষা করেছি আমিনুর রহমান সরদার যে বিতর্কিত ও আপত্তিকর মোনাজাত করেছেন তার জন্য কোন আনুষ্ঠানিক ক্ষমা চান কিনা। তিনি সেটা না করে বরং বিভিন্ন স্থানে বলে বেড়িয়েছেন যা বলেছি, তা বলেছি, কিসের ক্ষমা চাওয়া!