অভয়নগরে অস্ত্রসহ আটক ৩, স্থানীয়দের গণপিটুনি

0

অভয়নগর (যশোর) সংবাদদাতা ॥ যশোরের অভয়নগর উপজেলার গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ তিন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

এসময় পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাদেরকে গণপিটুনি দেয় এবং ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।

আটককৃতরা হলেন, অভয়নগরের ধুল গ্রামের শাকিল সরদারের ছেলে ও মনিরামপুরের কপালিয়া বাজারের রানা প্রতাব হত্যাকাণ্ডের এজাহারভুক্ত প্রধান আসামি রিয়াজ সরদার ওরফে সূর্য (২৪), ধুল গ্রামের মোস্তফা সরদারের ছেলে শাকিল সরদার (২৬) ও ইছামতী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রবিউল মোল্লা (২২)।

পুলিশ জানায়, ভোররাতে গোপীনাথপুর এলাকায় একদল সন্ত্রাসী অবস্থান করছে এমন খবরে অভিযানে চালাই পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে। এসময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে অগ্নিসংযোগ করে।

পরে আটককৃতদের দেহ তল্লাশি করে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. নূরুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।