বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের

0
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফল চ্যালেঞ্জ! বিএনপি প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে বাগেরহাট-১ আসনের ভোট পুনরায় গণনার আদেশ দিলেন আদালত।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) সংসদীয় আসনের ভোট পুনরায় গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ এই আদেশ দেন। ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণের করা এক আবেদনের শুনানি শেষে আদালত এই নির্দেশনা প্রদান করেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী ঘোষিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট। ভোটের ব্যবধান কম হওয়ায় এবং নির্দিষ্ট কিছু কেন্দ্রের ফলাফল নিয়ে আপত্তি থাকায় কপিল কৃষ্ণ নির্বাচনি ট্রাইব্যুনালে ফল চ্যালেঞ্জ করেন। আদালতের এই আদেশের ফলে ১৪৭টি কেন্দ্রের ভোট এখন পুনরায় গণনা করা হবে। উল্লেখ্য, ত্রয়োদশ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে তিনটিতেই জামায়াত প্রার্থীরা জয়ী হয়েছিলেন। আদালতের এই নির্দেশনার পর আসনটির রাজনৈতিক সমীকরণে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।