ইরানে ঢুকেছে হাজার হাজার কুর্দি যোদ্ধা, সরকার পতনে স্থল অভিযান শুরু

0
যুদ্ধের ষষ্ঠ দিনে বড় পরিবর্তন! কয়েক হাজার কুর্দি যোদ্ধা ইরানের সীমান্ত অতিক্রম করে স্থল অভিযান শুরু করেছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ বৃহস্পতিবার (৫ মার্চ) ষষ্ঠ দিনে গড়িয়েছে। যুদ্ধের এই চরম উত্তেজনার মধ্যেই তেহরান সরকার পতনের লক্ষ্যে স্থল অভিযানে যোগ দিয়েছে কয়েক হাজার মার্কিন মদদপুষ্ট কুর্দি যোদ্ধা। ইরাক-ইরান সীমান্ত অতিক্রম করে তারা ইতোমধ্যে ইরানের অভ্যন্তরে প্রবেশ করেছে এবং ইরানি বাহিনীর বিরুদ্ধে সরাসরি লড়াই শুরু করেছে। জেরুজালেম পোস্ট ও ফক্স নিউজসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি বাহিনীকে চারদিক থেকে চাপে ফেলতে এবং তাদের প্রতিরোধ ব্যবস্থাকে ছত্রভঙ্গ করতেই কুর্দি যোদ্ধাদের এই স্থল অভিযান। তবে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, পেন্টাগন সরাসরি বিদ্রোহীদের সশস্ত্র করছে না।

অন্যদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট কুর্দিদের অস্ত্র দেওয়ার খবর নাকচ করলেও জানিয়েছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্র ও কুর্দি নেতাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন। যদিও ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক পরিকল্পনায় সায় দেওয়ার কথা অস্বীকার করেছে, তবে মাঠপর্যায়ে কুর্দি যোদ্ধাদের এই বড় ধরনের অনুপ্রবেশ ইরানের বর্তমান শাসনব্যবস্থার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে।