মন্ত্রিসভায় বড় রদবদল: কমল ৮ প্রতিমন্ত্রীর দপ্তর, বাড়তি দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় বড় পরিবর্তন। ৮ প্রতিমন্ত্রীর দপ্তর কমিয়ে দুই উপদেষ্টাকে দেওয়া হলো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করা হয়েছে। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে আট প্রতিমন্ত্রীর দপ্তর কমিয়ে দুই উপদেষ্টার দায়িত্ব বাড়ানোর তথ্য জানানো হয়েছে। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী এই দপ্তর ও দায়িত্ব পুনর্বণ্টন করেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিমন্ত্রীদের অনেকেরই একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব কমিয়ে একটি বা দুটি নির্দিষ্ট বিভাগে সীমাবদ্ধ করা হয়েছে। মো. শরীফুল ইসলামকে এখন শুধু বস্ত্র ও পাট, সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ এবং হাবিবুর রশিদকে রেলপথ ও সড়ক পরিবহন বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে মো. রাজিব আহসান, জোনায়েদ সাকি, ফারজানা শারমীন, মো. নুরুল হক নুর এবং ববি হাজ্জাজের দপ্তরও পুনর্বণ্টন করা হয়েছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদের ক্ষমতা ও দায়িত্ব আরও বাড়ানো হয়েছে। নজরুল ইসলাম খান রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি কৃষি মন্ত্রণালয় এবং রুহুল কবীর রিজভী আহমেদকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়া এই সরকারের প্রশাসনিক গতিশীলতা আনতেই এই পরিবর্তন বলে ধারণা করা হচ্ছে।