২০ হাজার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীকে সেবা দিয়েছে ‘ক্র্যাক প্লাটুন’

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে যাতায়াত সহজ করতে চালু হওয়া ‘ক্র্যাক প্লাটুন’ পরিবহন প্রথম মাসে ২০ হাজার জনকে সেবা দিয়েছে। শুক্রবার (০৮ মে) ক্র্যাক প্লাটুনের অন্যতম উদ্যোক্তা দ্যা আর্থ সোসাইটির নিবার্হী পরিচালক মোহাম্মদ মামুন মিয়া এ তথ্য জানান।
তিনি জানান, ডিবিএল ফার্মার পৃষ্ঠপোষকতায় গত ১ এপ্রিল রাজধানীতে ‘ক্র্যাক প্লাটুন পরিবহন’ যাত্রা শুরু করেছিল। চল্লিশটি ছোট-বড় গাড়ি ও দশটি মিনিবাসের বহর নিয়ে শুরুতে ১৬টি ও পরে ২২টি রুটে তিন বেলা স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে এই সেবা দেওয়া হয়। গত এক মাসে তিন শিফটে শতাধিক হাসপাতালে ৪ হাজার ৬১৬টিরও বেশি ট্রিপ সম্পন্ন করেছে ক্র্যাক প্লাটুন। এই সময়ে প্রায় ১ হাজার ৮৪৮ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী যাতায়াত সেবা নিতে ২০ হাজার ৭৮০ বার ক্র্যাকপ্লাটুনের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন। করোনার বিস্তার রোধে দেশব্যাপী সাধারণ ছুটির পাশাপাশি গণপরিবহন বন্ধ ঘোষণা হলে অনেক চিকিৎসককেই যাতায়াত নিয়ে সমস্যায় পড়তে হয়। চিকিৎসা ব্যবস্থাকে আরও নিরাপদ ও শক্তিশালী করতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে ডিবিএল ফার্মার অর্থায়নে ক্র্যাক প্লাটুন পরিবহন সেবা নিয়ে এগিয়ে আসে সোশ্যাল ওয়েলফেয়ার সংগঠন দ্যা আর্থ সোসাইটি। সেবাটি এরইমধ্যে সংশ্লিষ্ট মহলের প্রশংসা কুড়িয়েছে বলে জানান মামুন মিয়া।

ভাগ