বিকেএমইএর সভাপতিকে ‘ফ্যাসিস্টদের দোসর’ বলায় এনসিপির এমপি আল আমিন অবরুদ্ধ, দুই ঘণ্টা পর উদ্ধার

0
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জামায়াতের ইফতার অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল আমিন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্য করায় তোপের মুখে পড়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আব্দুল্লাহ আল আমিন। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় বিসিক এলাকায় জামায়াতে ইসলামীর একটি ইফতার মাহফিলে এই ঘটনা ঘটে। ক্ষুব্ধ পোশাক ব্যবসায়ীদের হাতে প্রায় ২ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাত ৮টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে লক্ষ্য করে এমপি আল আমিন বিতর্কিত মন্তব্য করলে সেখানে উপস্থিত রপ্তানিমুখী পোশাক কারখানার মালিক ও ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা তাকে একটি পোশাক কারখানার ভেতরে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি বেগতিক দেখে বিসিক শিল্প মালিক সমিতি ও নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সহযোগিতায় অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। তবে এই ঘটনার পর আয়োজিত সংবাদ সম্মেলনে এমপি আল আমিন স্পষ্ট জানিয়ে দেন, তিনি তার বক্তব্যের জন্য কোনো দুঃখ প্রকাশ করবেন না। অন্যদিকে বিকেএমইএ সভাপতি জানান, এমন অপদস্থকর মন্তব্যের প্রতিবাদে ব্যবসায়ীরা তাৎক্ষণিক অনুষ্ঠান বর্জন করেন।