কৃষিজমির মাটি বিক্রি, অভয়নগরে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগরে কৃষিজমির মাটি কেটে বিক্রির অপরাধে চার ব্যক্তিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে ও গত শুক্রবার সকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নে আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় কৃষিজমি থেকে প্রকাশ্যে মাটি কাটার দায়ে প্রেমবাগ গ্রামের রওশন আলীর ছেলে শাহীন আলম, একই ইউনিয়নের পালপাড়া গ্রামের আব্দুল্লাহ মোল্লার ছেলে ওসমান মোল্লা ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রেজাউলের ছেলে রিফাতকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া গত শুক্রবার সকালে একই অপরাধে প্রেমবাগ ইউনিয়নের বনগ্রামের মৃত গোলাম নবী বিশ্বাসের ছেলে মশিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে শনিবার একটি মামলায় তিন ব্যক্তিকে ৬০ হাজার টাকা এবং শুক্রবার অপর একটি মামলায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পৃথক দুটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।