যশোরে ব্যবসায়ীকে মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণ; মুক্তিপণ দাবি ১ কোটি টাকা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার শংকরপুর বাঁশপট্টি এলাকায় এক ব্যবসায়ীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণের ঘটনা ঘটেছে।

সোমবার (২ মার্চ) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে নিজ প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৫৫) নামে ওই ব্যবসায়ীকে তুলে নিয়ে যায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।

অপহৃত জাহাঙ্গীর আলম শংকরপুর পশু হাসপাতাল মোড় সংলগ্ন ‘আর আর মেডিকেল’ ও ‘জে আর এগ্রোভেটে’র স্বত্বাধিকারী এবং সদর উপজেলার সুজলপুর এলাকার বাসিন্দা।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান বন্ধ করে শহরের শংকরপুর থেকে পালবাড়ী-সুজলপুর গামী সড়কের বাঁশপট্টি নামক স্থানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একটি মাইক্রোবাসে করে তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয়।

অপহরণের মাত্র ১৫ মিনিট পর রাত ১০টার দিকে অপহৃতের নিজস্ব মোবাইল নম্বর থেকে ফোন করে পরিবারের কাছে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এই ঘটনায় অপহৃতের স্ত্রী রেশমা খাতুন যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ তদন্ত শুরু করেছে এবং বাঁশপট্টি এলাকার সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।