সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

0
জান্নাতুল নিশা ইরা, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে শ্বাসনালি কাটা অবস্থায় উদ্ধার আট বছরের সেই মেয়েটি মারা গেছে। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

শিশুটির চাচা মো. রমিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাঁদের ভাতিজিকে তাঁরা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেননি। অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাঁর ভাতিজিকে ধর্ষণের পর ছুরি দিয়ে শ্বাসনালি কেটে দেয়। মেয়েটি এত যন্ত্রণা সহ্য করে পাহাড়ি এলাকা থেকে হেঁটে হেঁটে সড়ক সংস্কারের কাজে থাকা এক্সকাভেটরের চালকের কাছে এসে বাঁচার আকুতি জানায়।

তিনি আরো বলেন, ভাতিজির মৃত্যুর খবরে তাঁর ভাই-ভাবি (শিশুটির বাবা-মা) বারবার মূর্ছা যাচ্ছেন। শিশুটির লাশ এখন চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে আছে। আইনি প্রক্রিয়ার পর লাশের ময়নাতদন্ত শেষে বাড়িতে এনে দাফনকাজ হবে।

এর আগে গত রোববার সকালে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে থাকা সহস্রধারা ঝরনার আরও অন্তত ৫০০ মিটার উত্তরে পাহাড়ি পথের ধার থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকেরা শিশুটিকে উদ্ধার করেন। প্রথমে শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই দিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়। গতকাল সোমবার শিশুটিকে ওয়ান–স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) নেওয়া হয়েছিল।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে। শিশুর মা বাদী হয়ে থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেছেন। আমরা অপরাধীকে শনাক্তের চেষ্টা করছি।