তালায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল আসবাবপত্র ও নথি

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ গভীর রাতে সাতক্ষীরার তালা উপজেলার একটি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। হঠাৎ আগুনে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় আশেপাশের স্থাপনা।

রবিবার (১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার রাইসমিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আগুনের শিখা দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার জানান, রাতের আঁধারে পরিকল্পিতভাবে কার্যালয়ের ভেতরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে অফিসে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ ওসি এইচ এম লুৎফর কবির বলেন, আগুনে কয়েকটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি খালি পেট্রলের বোতল উদ্ধার করা হয়েছে।

এই ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে।