ভারতে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মৃত্যু: বেনাপোল দিয়ে মরদেহ দেশে পৌঁছেছে

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ ভারতে পলাতক অবস্থায় চিকিৎসাধীন থাকা টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এর মরদেহ দেশে আনা হয়েছে।

রোববার (০১ মার্চ) দিবাগত রাতে যশোর জেলার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার মরদেহ বাংলাদেশে প্রবেশ করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জোয়াহেরুল ইসলাম সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যান। সেখানে অবস্থানকালীন তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

গত ২৭ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে পশ্চিমবঙ্গের কলকাতার একটি বেসরকারি হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মরদেহ বাংলাদেশে আনার সময় তার সাথে ভারত থেকে ফিরেছেন স্ত্রী রওশনারা খান, কন্যা জাকিয়া ইসলাম এবং জামাতা মো. জামিল হাসান। বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা ও আইনি প্রক্রিয়া শেষ করে তারা মরদেহ নিয়ে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, টাঙ্গাইলে তার মরদেহ পৌঁছানোর পর জানাজা শেষে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।