সিটি কর্পোরেশন হবে শতভাগ দুর্নীতিহীন একটি প্রতিষ্ঠান : নজরুল ইসলাম মঞ্জু

কেসিসি প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ

0
ছবি: সংগৃহীত।

খুলনা ব্যুরো ॥ খুলনা সিটি কর্পোরেশনে আনুষ্ঠানিক ভাবে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু। রোববার দুপুরে কেসিসি’র সভাকক্ষে এ দায়িত্ব হস্তান্তর করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। ফুল দিয়ে বরণ করা হয় নবাগত প্রশাসককে।

দায়িত্ব গ্রহণ শেষে নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনার মানুষের প্রত্যাশা পূরণ হবে। সিটি কর্পোরেশনের সকল মানুষের সম্মান প্রদান, সার্বক্ষণিক সেবা দেওয়া আমাদের দায়িত্ব। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একটি পরিচ্ছন্ন, সবুজ, চাঁদাহীন সিটি গড়তে আমরা কাজ করবো। সিটি কর্পোরেশন হবে শতভাগ দুর্নীতিহীন একটি প্রতিষ্ঠান।

সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে চান নবাগত প্রশাসক। এ দায়িত্ব পালন কালে সকলের সহযোগিতা চান তিনি।কেসিসির কর্মকর্তা-কর্মচারিদের উদ্দেশ্যে নব নিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমি অবৈধ অর্থ আয় করবো না, আপনারাও কোন অবৈধ লেনদেনের সাথে জড়াবেন না। কোন ঠিকাদারদের কাছ থেকে কোন ঘুস নেওয়া হবেনা। কাজ সঠিক কাজ করেই ঠিকাদররা অনায়াসেই বিল তুলতে পারবেন। কোন প্রকার কমিশন বাণিজ্য করবেন না।

অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেন, যোগ্য ব্যক্তির কাছেই দায়িত্বটা যাচ্ছে। মঞ্জু আমার পূর্ব পরিচিত।

তিনি সংসদ নির্বাচনে হেরে যাওয়াতে কষ্ট পেয়েছি। কিন্তু মহান সৃষ্টিকর্তা কাউকে ফিরিয়ে দেন না, তার মর্যাদা আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। নিশ্চই তিনি নগরবাসীর প্রত্যাশা পূরণ করবেন।

আগামী নির্বাচনে আল্লাহ যেন তাকে বিজয়ী করেন। মঞ্জু নিশ্চই তার দক্ষতা ও যোগ্যতা দিয়ে জনগণের সেবা করবেন।