ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

0
আমিরাতে ইরানের মিসাইল হামলা; প্রাণ হারালেন এক বাংলাদেশি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সংযুক্ত আরব আমিরাতে ইরানের নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশিসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’ এ তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে বাকি দুজন নেপালি ও পাকিস্তানি নাগরিক। এই হামলায় আরও অন্তত ৫৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরান এখন পর্যন্ত ১৬৫টি ব্যালিস্টিক মিসাইল, দুটি ক্রুজ মিসাইল এবং ৫৪১টি ড্রোন ছুড়েছে। এর মধ্যে অধিকাংশ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে ২১টি ড্রোন বেসামরিক অবকাঠামোতে আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার দ্বিতীয় দিন সকাল পর্যন্ত অন্তত ২০টি মিসাইল ছোড়া হয়েছে, যার বড় অংশই সমুদ্রে পড়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, অধিকাংশ ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করা সম্ভব হলেও ড্রোন হামলায় প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। বর্তমানে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।