নওয়াপাড়ায় বেশি দামে লেবু বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রির্পোটার, অভয়নগর (যশোর) ॥ যশোরের নওয়াপাড়ায় পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজার তদারকি বাড়াতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকালে নওয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে পাইকারি এক লেবু ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, রোববার সকাল ৮টার দিকে নওয়াপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে লিটন শেখ নামে পাইকারি এক লেবু ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লেবু ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

এছাড়া অন্যান্য আড়ৎদারদের পাইকারি মূল্য যাচাই করা হয়েছে। যাতে খুচরো বাজারের দামে তারতম্য না ঘটে। রমজান মাসব্যাপী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।