পাক-আফগান যুদ্ধে কোনো পক্ষ নেবে না বাংলাদেশ

0
পাক-আফগান যুদ্ধ: প্রকাশ্যে কোনো পক্ষ নেবে না বাংলাদেশ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ প্রকাশ্যে কোনো অবস্থান নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দায় ওআইসি বৈঠক শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এ ধরনের যুদ্ধ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ এবং বাংলাদেশ আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানের আহ্বান জানায়।”

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, দীর্ঘ ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। আসন্ন ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক ও ফিলিস্তিনসহ ওআইসিভুক্ত দেশগুলো বাংলাদেশকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে।

বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে তাঁর নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি কামনা করেছেন। ফিলিস্তিন ইস্যুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার নীতি বজায় রেখে ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে বাংলাদেশের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের সূচি এখনো চূড়ান্ত হয়নি তবে কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী তা যথাসময়ে জানানো হবে বলে উল্লেখ করেন খলিলুর রহমান।