বাগআঁচড়ায় কোটি টাকার সোনার বারসহ আটক- ১

0

আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর)॥ শার্শার বাগআঁচড়া থেকে এক কোটি বিশ লাখ টাকার ১০ পিস সোনার বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক সোনা চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার দুপুরে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনমটোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে শুভ ঘোষকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেটে লুকিয়ে রাখা ১ কেজি ১ শ ৯২.৬৯ গ্রাম ওজনের ১০ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি বিশ লাখ টাকা।

সহকারী পুলিশ সুপার (নাভারণ) সার্কেল নিশাত আল নাহিয়ান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটক শুভ ঘোষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।