বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থানে আর্থিক সহায়তার আশ্বাস নতুন গভর্নরের

0
দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তাদের সাথে বৈঠক করলেন নবনিযুক্ত গভর্নর।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পর মো. মোস্তাকুর রহমান দেশের অর্থনীতিতে গতি ফেরাতে বন্ধ কলকারখানা পুনরায় চালুর উদ্যোগে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে তিনি এই কর্মপরিকল্পনার কথা জানান। অর্থনীতিকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানমুখী করতে প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি ব্যাংকিং খাতের সংস্কার কাজ অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের জানান, গভর্নর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা স্থিতিশীল রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। বিশেষ করে গত দেড় বছরে বন্ধ হওয়া শিল্পকারখানাগুলো চালু করতে প্রয়োজনীয় অর্থায়ন ও ব্যাংকিং সমন্বয়ের ওপর জোর দিয়েছেন তিনি। এছাড়া বিনিয়োগ বাড়াতে উচ্চ সুদের হার পর্যালোচনার ইঙ্গিতও দিয়েছেন নবনিযুক্ত গভর্নর। প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং বৈষম্যহীন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি কর্মকর্তাদের দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে গণমাধ্যমে কথা বলার ক্ষেত্রে সংযমী হওয়ার পাশাপাশি একজন মুখপাত্রের মাধ্যমে নিয়মিত তথ্যপ্রবাহ সচল রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।