ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হচ্ছেন না ৬ শ্রেণির নাগরিক

0
১০ মার্চ থেকে শুরু হচ্ছে বহুল প্রতিক্ষিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ। ৬ শ্রেণির নাগরিক এই সুবিধার বাইরে থাকছেন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে চূড়ান্ত ধাপে পৌঁছেছে সরকার। আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এই যুগান্তকারী প্রকল্পের পরীক্ষামূলক উদ্বোধন করবেন। তবে এই কর্মসূচির সুবিধা ভোগ করতে পারবেন না বিত্তশালী ও সরকারি সুবিধাভোগী নির্দিষ্ট ৬ শ্রেণির নাগরিক। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন সাংবাদিকদের এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেন।

নীতিমালা অনুযায়ী, পরিবারের কেউ সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী হলে, বাড়িতে এসি ব্যবহারকারী, গাড়ি বা বিলাসবহুল সম্পদের মালিক এবং বাণিজ্যিক লাইসেন্সধারী ও বড় ব্যবসায়ীরা এই কার্ডের সুবিধার বাইরে থাকবেন। ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই দর্শনে প্রণীত ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন-২০২৬’ অনুযায়ী, ধর্ম-বর্ণ নির্বিশেষে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্তরা অগ্রাধিকার ভিত্তিতে এই কার্ড পাবেন। আসন্ন ঈদের আগেই প্রান্তিক মানুষের হাতে এই কার্ড পৌঁছে দিতে কাজ করছে নবগঠিত মন্ত্রিসভা কমিটি। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার একটি করে ইউনিয়নে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে।