প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে মির্জা ফখরুলের মন্তব্য

0

লোকসমাজ ডেস্ক ॥ চীন সফর বর্তমান সরকারের একটি বড় সাফল্য বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ইতোপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে একটি দলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। কিন্তু এ সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তার চিন্তা ভাবনা পরিবর্তন করেছে। সব রাজনৈতিক দলের সঙ্গে কথা কথাবার্তা বলছে।’

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন ফখরুল।

তিনি বলেন, ‘চীন যেহেতু অত্যন্ত একটি সমৃদ্ধশালী দেশ; ব্যবসায়ী পর্যায়ে দ্বিতীয় দেশ হিসেবে রয়েছে। চীন প্রতিশ্রুতি দিয়েছে আগামী দিনেও তারা বাংলাদেশের ব্যবসায়ীক ক্ষেত্রে বিনিয়োগ করবে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদী।’

ফখরুল বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সমর্থন নিয়ে এসেছে এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারে এসেছে। রাষ্ট্র সংস্কারের জন্য তারা সংস্কার কমিশন তৈরি করেছে। সেই সংস্কারের প্রস্তাবগুলো যথাযথভাবে আমরা পর্যালোচনা করছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে মতামতগুলো সংস্কার কমিশনকে দিয়েছি। এ বিষয় নিয়ে আগামীতে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা বসবেন। সব ঐক্যমতের ভিত্তিতে আগামীতে নির্বাচন হবে।’

আলোচনা শেষে দলের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল।