দুই বছর বিদ্যুতের দাম বাড়াবে না সরকার

0
আগামী দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। লোকসান কমাতে চুরি ও অপচয় রোখার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশের সাধারণ ও শিল্প গ্রাহকদের জন্য বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে সরকার। আগামী দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শনিবার বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এই নির্দেশনা প্রদান করেন। বিদ্যুৎ খাতের বিশাল লোকসান ও ভর্তুকি সামাল দিতে দাম বাড়ানোর পরিবর্তে বিকল্প উপায়ে ব্যয় সংকোচনের পথে হাঁটছে মন্ত্রণালয়।

বৈঠক সূত্রে জানা যায়, বিপিডিবির পক্ষ থেকে বিপুল পরিমাণ ভর্তুকি ও লোকসানের চিত্র তুলে ধরে দাম বাড়ানোর প্রস্তাব করা হলেও মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তাতে সম্মতি দেননি। পরিবর্তে সিস্টেম লস বা বিদ্যুৎ চুরি ও অপচয় কমানো, অপারেশনাল ব্যয় সংকোচন এবং উৎপাদন পর্যায়ে ট্যারিফ পুনর্নির্ধারণের ওপর জোর দিয়েছেন তাঁরা। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, উৎপাদন খরচ ও বিক্রয়মূল্যের ব্যবধান কমাতে ট্যারিফ নেগোসিয়েশন কমিটির মাধ্যমে উৎপাদন ব্যয় যৌক্তিক করা হবে। বৈঠকে বিদ্যুৎ সচিব ফারজানা মমতাজসহ বিদ্যুৎ খাতের বিভিন্ন কোম্পানির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারি-বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের বকেয়া দেনা পরিশোধে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বৈঠকে।