সংবিধান লঙ্ঘনের অভিযোগ রাষ্ট্রপতির; অন্তর্বর্তী সরকারের ‘গোপন’ চুক্তি নিয়ে তোলপাড়

0
"আমি কিছুই জানি না"— যুক্তরাষ্ট্রের সাথে হওয়া চুক্তি নিয়ে বিস্ফোরক রাষ্ট্রপতি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অন্ধকারে রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রীয় চুক্তি সম্পন্ন করেছে বিগত অন্তর্বর্তী সরকার—এমনই এক চাঞ্চল্যকর ও বিস্ফোরক অভিযোগ তুলেছেন স্বয়ং রাষ্ট্রপ্রধান। সম্প্রতি দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানান, সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও গুরুত্বপূর্ণ কোনো চুক্তির বিষয়ে তাঁকে অবহিত করা হয়নি।

রাষ্ট্রপতি আক্ষেপ করে বলেন, “রাষ্ট্রীয় একটা চুক্তি অবশ্যই আমাকে জানানো দরকার ছিল। পূর্ববর্তী সরকার প্রধানরা সবসময় রাষ্ট্রপতিকে জানিয়েছেন, কিন্তু তিনি (প্রধান উপদেষ্টা) তা করেননি।” সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, প্রধান উপদেষ্টার নিয়োগপ্রক্রিয়ার উৎস তিনি নিজে হলেও পরে তাঁর সঙ্গে কোনো সমন্বয় করা হয়নি। এমনকি তাঁর বিদেশ সফর ও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগদানের পথও রুদ্ধ করা হয়েছিল। এক রাতের মধ্যে বিদেশের মিশনগুলো থেকে ছবি নামিয়ে ফেলা এবং প্রেস উইং প্রত্যাহার করে তাঁকে ‘একঘরে’ করে রাখার চেষ্টা হয়েছিল বলেও ক্ষোভ প্রকাশ করেন মো. সাহাবুদ্দিন। এই বক্তব্যের পর দেশের রাজনৈতিক মহলে নতুন করে সাংবিধানিক বিতর্কের সৃষ্টি হয়েছে।