প্রধানমন্ত্রীর পদক্ষেপ, অপহরণের ১ ঘণ্টার মধ্যে উদ্ধার স্কুলছাত্র

0
প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপে সফল উদ্ধার অভিযান; ১ ঘণ্টায় ফিরল অপহৃত স্কুলছাত্র।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সচিবালয়ের এক সাধারণ কর্মচারীর চোখের জল মুছে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে অপহরণের মাত্র এক ঘণ্টার মাথায় খিলগাঁও থেকে উদ্ধার করা হয়েছে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে খিলগাঁওয়ের একটি নির্মীয়মাণ ভবন থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, অপহৃত স্কুলছাত্রের বাবা খন্দকার শামীম সচিবালয়ের একজন কর্মচারী। দুপুরে ছেলের অপহরণ ও মুক্তিপণ দাবির খবর শুনে তিনি দিশেহারা হয়ে কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢুকে পড়েন। সেখানে প্রধানমন্ত্রীর দেখা পেয়ে ঘটনার বিস্তারিত জানান। প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

অভিযানের নেতৃত্ব দেওয়া রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের ওই ছাত্রকে দুপুর আড়াইটায় তুলে নিয়ে যায় চার-পাঁচজন অপহরণকারী। তারা ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে মারধর শুরু করে। প্রধানমন্ত্রীর নির্দেশের পর পুলিশ প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। পরে খিলগাঁওয়ের জোড়পুকুর এলাকার একটি ভবন থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে গেলেও তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।