ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে, কেউ টাকা চাইলে পুলিশে দিন: সমাজকল্যাণমন্ত্রী

0
সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে সরকারি ‘ফ্যামিলি কার্ড’। প্রতারক চক্র থেকে সাবধান থাকতে দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ফ্যামিলি কার্ড কর্মসূচিকে ঘিরে সক্রিয় হওয়া প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি মহল কার্ড করে দেওয়ার নামে নিরীহ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এই কার্ড সরকার সম্পূর্ণ বিনামূল্যে দেবে, এর জন্য কোনো অর্থের প্রয়োজন নেই। কেউ টাকা দাবি করলে তাকে তাৎক্ষণিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার পরামর্শ দেন তিনি।

মন্ত্রী জানান, রাজধানীর কড়াইল বস্তি ও ময়মনসিংহে এ ধরনের প্রতারণার খবর পাওয়া গেছে। তিনি স্পষ্ট করে বলেন, ফ্যামিলি কার্ড একটি ‘ইউনিভার্সাল কার্ড’, যেখানে দলীয় প্রভাব বা অনিয়মের কোনো সুযোগ নেই। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাধ্যমে সরাসরি তালিকাভুক্ত করা হবে এবং ওয়ার্ড পর্যায়ে একজন প্রথম শ্রেণির কর্মকর্তা এর তদারকি করবেন। ডা. জাহিদ আরও জানান, আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ ৪০ শতাংশ মানুষ সবার আগে এই সুবিধা পাবেন। এরপর পর্যায়ক্রমে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত পরিবারের নারীরাও এই কার্ডের আওতায় আসবেন। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সহায়তার টাকা সরাসরি সুবিধাভোগীর কাছে পৌঁছে যাবে এবং কোনো অভিযোগ থাকলে অনলাইন বা অফলাইনে জানানোর ব্যবস্থা থাকবে।