প্রথা ভেঙে ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী; শহীদ মিনারে দাঁড়িয়েই দোয়া ও মোনাজাতে তারেক রহমান

0
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়ায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথা অনুযায়ী শ্রদ্ধা নিবেদন শেষে দ্রুত প্রস্থান করার পরিবর্তে তিনি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণেই দাঁড়িয়ে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রাত ১২টা ৮ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নেন।

মোনাজাত পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। দোয়ায় ১৯৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর সন্তানদের আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনাসহ দেশ ও জাতির মঙ্গল প্রার্থনা করা হয়। রাষ্ট্রীয় শ্রদ্ধা শেষে প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভা, দল এবং পরিবারের পক্ষ থেকেও পৃথক পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রীর এই প্রথা ভাঙা মানবিক উদ্যোগ উপস্থিত জনতা ও সুধী মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।