শহীদ মিনারে প্রথমবার শ্রদ্ধা নিবেদন বিরোধীদলীয় নেতার; সাংবাদিকদের প্রশ্নে জামায়াত আমিরের বিরক্তি

0
শহীদ মিনারে সাংবাদিকদের প্রশ্নে বিরক্ত ডা. শফিকুর রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো কেন্দ্রীয় শহীদ মিনার। প্রথমবারের মতো রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ১১-দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে তিনি ভাষাশহীদদের প্রতি এই শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জামায়াত আমির। জামায়াত কেন আগে কখনও শহীদ মিনারে আসেনি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাষ্ট্রীয় আচার হিসেবে বিরোধীদলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে আসা আমার দায়িত্ব, তাই এসেছি।” তবে শহীদ মিনারে ফুল দেওয়া ‘নাজায়েয’ কি না—এমন প্রশ্নে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, “এমন পবিত্র দিনে এ ধরনের প্রশ্ন কেন করছেন? এমন প্রশ্ন না করাই ভালো।” পরে তিনি আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের কবর জিয়ারত করেন এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানসহ সকল অধিকার আদায়ের লড়াইয়ে শহীদদের জন্য দোয়া করেন। তিনি আরও বলেন, ভাষার অধিকার মিললেও মানবিক সমাজ ও প্রকৃত নাগরিক অধিকার না পাওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে।