নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা

0
টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দান; যেখানে আসন্ন নির্বাচনের কারণে স্থগিত করা হয়েছে এবারের আয়োজন ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ও খুরুজের জোড় আয়োজন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নির্বাচনের আগে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই তুরাগ তীরে কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান জানান, তাবলীগ জামাতের আহলে সুরার সদস্য মোহাম্মদ জুবায়ের আগামী ২ থেকে ৪ জানুয়ারি ‘খুরুজের জোড়’ এবং ২২ থেকে ২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। তবে জাতীয় নির্বাচনের গুরুত্ব বিবেচনা করে এই আবেদন নাকচ করে দিয়েছে মন্ত্রণালয়।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক (আইজি), গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন-পূর্ব সময়ে বিশ্ব ইজতেমা বা জোড়সহ কোনো বড় ধরনের জমায়েত আয়োজনের সুযোগ নেই।