ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

0
প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার পরপরই তিনি সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে কাজে যোগ দেন। প্রধানমন্ত্রীর স্থায়ী কার্যালয় ও সরকারি বাসভবন ‘যমুনা’ সংস্কারাধীন থাকায় আগামী কয়েক দিন তিনি সচিবালয় থেকেই রাষ্ট্র পরিচালনা করবেন।

আজকের কার্যসূচিতে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ দুটি বৈঠক রয়েছে। বেলা সাড়ে ১১টায় ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের কাছে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার একটি টেকসই কাঠামো তৈরি করতে চায় সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এটি একটি অগ্রাধিকারমূলক প্রকল্প।

বিকেলে দুপুর ২টায় পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ পুনরুদ্ধার বিষয়ক আরেকটি সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ এবং নদ-নদী ও খাল খননের এক মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। বিশেষ করে দখল হওয়া জলাধার পুনরুদ্ধারে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কঠোর নির্দেশনা দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই দ্রুত প্রশাসনিক তৎপরতায় সচিবালয়ে ব্যাপক কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।