নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বেনাপোলে শ্রমিকদের আনন্দ মিছিল

0
ছবি: লোকসমাজ।

বেনাপোল সংবাদদাতা ॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক বিশাল র‍্যালি করেছে বেনাপোল স্থলবন্দরের শ্রমিকরা।

একইসাথে যশোর-৩ আসনের সংসদ সদস্য জনাব অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৮৯১ ও ৯২৫) এর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।

বুধবার ১৮ই ফেব্রুয়ারি বিকালে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই বর্ণাঢ্য র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়। এতে কয়েক হাজার শ্রমিক ও সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন,  গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনমতের প্রতিফলনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধি, টেকসই উন্নয়ন ও স্থায়ী অগ্রগতির পথে এগিয়ে যাবে। নতুন সরকারের এই যাত্রায় আমাদের পূর্ণ সমর্থন ও শুভকামনা রইল।

এসময় আরো উপস্থিত ছিলেন, ৯২৫ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি-তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক-মোঃ সহিদ আলী, ৮৯১ এর সাধারণ সম্পাদক-লিটন হোসেন, সহ-সাধারণ সম্পাদক- মোঃ শাহাবুদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা নতুন সরকারের অধীনে বেনাপোল স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন এবং শ্রমিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।