তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদি-শাহবাজসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

0
মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন তারেক রহমান। আমন্ত্রণ পেয়েছেন মোদি-শাহবাজসহ প্রভাবশালী ১৩ দেশের সরকারপ্রধান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল বিএনপির নেতৃত্বে নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে শুরু হয়েছে বিশ্বনেতাদের মিলনমেলার প্রস্তুতি। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য এই মেগা ইভেন্টে প্রতিবেশী ভারত ও পাকিস্তানসহ মোট ১৩টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

আমন্ত্রিত দেশগুলোর তালিকায় ভারত ও পাকিস্তান ছাড়াও রয়েছে চীন, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটান। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে পূর্বনির্ধারিত বৈঠক থাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সশরীরে উপস্থিত হতে না পারলেও তাঁর প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণ শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

বিশ্লেষকদের মতে, এই শপথ অনুষ্ঠান ভূ-রাজনীতির দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আঞ্চলিক শক্তি ভারত, পাকিস্তান ও চীনের সাথে সমান ভারসাম্য বজায় রাখার যে ইঙ্গিত তারেক রহমান দিয়েছেন, এই আমন্ত্রণ তারই প্রতিফলন। উল্লেখ্য, গত শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন বরফ গলার আভাস পাওয়া যাচ্ছে।