দেড় যুগের সাধনার ভোট চুরি হতে দেবো না, কৃষকদের জন্য হবে হিমাগার: মানিকদিহীতে অনিন্দ্য ইসলাম অমিত

0
দীর্ঘ দেড় যুগ পর ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরে মানিকদিহীতে বক্তব্য দিচ্ছেন যশোর-৩ আসনের ধানের শীষের প্রার্থী।। ছবি: লোকসমাজ

মাসুদ রানা বাবু ॥ যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, “আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের দেড় যুগের দীর্ঘ সাধনা ও প্রতীক্ষার ভোট। অতীতে আমাদের ভোট চুরি, ছিনতাই ও ডাকাতি করা হয়েছে। এবার আর কাউকে সেই সুযোগ দেওয়া হবে না। নিজেদের ভোট নিশ্চিত করতে আমরা কেন্দ্র পাহারা দেবো এবং ফলাফল বুঝে নিয়ে তবেই ঘরে ফিরবো।”

শুক্রবার সকালে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মানিকদিহী গ্রামে নির্বাচনী প্রচারণার শুরুতে এক পথসভায় তিনি এসব কথা বলেন। অমিত বলেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে জনগণের ভোট ছাড়াই যারা কথিত জনপ্রতিনিধি হয়েছিলেন, তারা এলাকার কোনো উন্নয়ন করেননি। অথচ আমার পিতা তরিকুল ইসলামকে আপনারা যখনই সুযোগ দিয়েছেন, তিনি রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন করেছেন।

তিনি আরও বলেন, হৈবতপুর একটি কৃষিপ্রধান এলাকা। এখানকার কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করতে এবং পচন রোধে আমি নির্বাচিত হলে একটি আধুনিক হিমাগার নির্মাণ করবো। উন্নয়নের এই ধারাকে বেগবান করতে তিনি দল-মত নির্বিশেষে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। পথসভায় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।