বাগেরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের প্রতিশ্রুতি শেখ ফরিদুল ইসলামের

0
সকল ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে; রামপালে বিএনপি প্রার্থী ফরিদুল ইসলাম ।। ছবি: লোকসমাজ

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে রাষ্ট্রের প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবেন। কোনো ধর্ম বা বর্ণের মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হবে না। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের ঝলমলিয়া দিঘীর পাড়ে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

শেখ ফরিদুল ইসলাম তাঁর বক্তব্যে হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেন, “এই জনপদে আপনারা আপনাদের সন্তানদের নিয়ে নির্ভয়ে বসবাস করবেন। সংকটের সময়েও আমাদের নেতাকর্মীরা আপনাদের পাশে ছিল, আগামীতেও থাকবে।” তিনি আরও বলেন, বিগত ২০ বছর ধরে তিনি জনগণের সেবা করে আসছেন। নির্বাচিত হলে মোংলা বন্দরকে আধুনিকায়ন, ইপিজেড সচল এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এলাকার বেকারত্ব দূর করা হবে।

হুড়কা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবুসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, বাগেরহাট-৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার ও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। সভায় বিপুল সংখ্যক নারী-পুরুষের উপস্থিতিতে শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান।