নীলফামারীতে হচ্ছে চীনের অনুদানে ১০০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল

0
উত্তরাঞ্চলের স্বাস্থ্যখাতে নতুন দিগন্ত: ২০ জেলাকে পেছনে ফেলে বিশেষায়িত হাসপাতাল পাচ্ছে নীলফামারী।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দীর্ঘ প্রতীক্ষা ও যাচাই-বাছাই শেষে উত্তরবঙ্গের নীলফামারী জেলায় নির্মিত হতে যাচ্ছে ১০০০ শয্যার আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল। চীন সরকারের ২ হাজার ২১৯ কোটি টাকা অনুদানে নির্মিতব্য এই ‘বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২৯২ কোটি টাকা। আগামী সপ্তাহে অন্তর্বর্তী সরকারের শেষ একনেক বৈঠকে প্রকল্পটি অনুমোদনের কথা রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও রংপুরসহ দেশের ২০টি জেলার তীব্র প্রতিযোগিতার পর জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) সমীক্ষা শেষে নীলফামারী সদরের দাড়োয়ানী টেক্সটাইল মিলসের পরিত্যক্ত ২৫ একর জমিকে এই প্রকল্পের জন্য নির্বাচন করা হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দর ও রেলওয়ে জংশন সুবিধা এবং উত্তরা ইপিজেডের অবস্থানের কারণে নীলফামারী বিশেষ গুরুত্ব পেয়েছে। এছাড়া জেলাটিতে দারিদ্র্যের হার বেশি হওয়া এবং বিশেষায়িত চিকিৎসার অভাবও অন্যতম কারণ হিসেবে কাজ করেছে।

প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, প্রধান হাসপাতাল ভবনটি হবে ১০ তলা। এর পাশাপাশি চিকিৎসক, নার্স ও কর্মচারীদের জন্য থাকবে পৃথক বহুতল ভবন, হেলিপ্যাড এবং অত্যাধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। ২০২৮ সালের মধ্যে বাস্তবায়িত হতে যাওয়া এই হাসপাতালে দৈনিক প্রায় সাড়ে ৯ হাজার মানুষ সেবা পাওয়ার সুযোগ পাবেন। এতে ১ থেকে দেড় হাজার জনবল নিয়োগ দেবে সরকার। বিশেষজ্ঞ চিকিৎসকের ফি ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে রাখার প্রাথমিক প্রস্তাব করা হয়েছে, যা প্রান্তিক মানুষের জন্য উন্নত চিকিৎসা সুলভ করবে বলে আশা করা হচ্ছে।