জাগরণী চক্রের প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজু আর নেই

0
জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু, যিনি আজ দুপুরে চিরবিদায় নিয়েছেন।। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার ।। যশোরের মাটি ও মানুষের প্রিয় ব্যক্তিত্ব, প্রখ্যাত সমাজসেবক এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু আর নেই। শনিবার (২৪ জানুয়ারি) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক কাজী মাজেদ নওয়াজ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৫৩ সালের ২৮ আগস্ট যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামে জন্মগ্রহণ করেন আজাদুল কবির আরজু। ছাত্রজীবন থেকেই তিনি প্রগতিশীল সাংস্কৃতিক কর্মকাণ্ড ও রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে তরুণ আরজু সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে কারাবরণও করেন।

দেশ স্বাধীনের পর ১৯৭৫ সালে অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনে মাত্র কয়েকজন বন্ধুকে নিয়ে প্রতিষ্ঠা করেন ‘জাগরণী চক্র’। দীর্ঘ ৫০ বছর ধরে তাঁর হাত ধরেই প্রতিষ্ঠানটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশাল পরিচিতি লাভ করেছে। কাকতালীয়ভাবে, গত ৭ জানুয়ারি প্রতিষ্ঠানটির সুবর্ণজয়ন্তী উদযাপনের মাত্র ১৭ দিন পরেই চিরবিদায় নিলেন এই কর্মবীর। তাঁর মৃত্যুতে যশোরের সুশীল সমাজ ও অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শোকের মাতম চলছে।