শার্শায় আদালতের নির্দেশ অমান্য করে ২০টি ভাটায় পুড়ছে ইট

0
ছবি: সংগৃহীত।

আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) ॥ যশোরের শার্শা উপজেলায় উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে অবৈধভাবে ২০টি ইটভাটায় ইট পোড়ানোর কার্যক্রম চলছে। পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া এবং ফসলি নষ্ট করে এসব ভাটা জনস্বাস্থ্য মারাত্মক হুমকির সৃৃষ্টি করেছে।

অনুসন্ধানে জানা গেছে, উপজেলার ২৩টি ইটভাটার মধ্যে ২০টিই বর্তমানে অবৈধভাবে পরিচালিত হচ্ছে। গত বছরের ১২ মার্চ হাইকোর্টে দায়ের করা একটি রিটের প্রেক্ষিতে গঠিত পরিদর্শন কমিটি শার্শার সবকটি ভাটা সরেজমিনে পরিদর্শন করে। এতে দেখা যায়, ২৩টির মধ্যে ২০টি ভাটায় কোনো বৈধ কাগজপত্র নেই।

তৎকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে মালিকদের কাছ থেকে অঙ্গীকারনামা গ্রহণ করলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।

উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, আবাসিক এলাকা ও জনবসতি থেকে কমপক্ষে তিন কিলোমিটার দূরত্বের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। এছাড়া আবাদি জমিতে ভাটা নির্মাণ এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু শার্শার অবৈধ ইট ভাটাগুলোতে কোনো নিষেধাজ্ঞা মানা হচ্ছে না।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, লক্ষণপুরের সবুজ হোসেনের ‘কে এ এ ব্রিক্স’, বাগআঁচড়ার সিরাজুল ইসলামের ‘ রিফা ব্রিক্স’, তৌহিদুর রহমানের ‘ বিশ্বাস ব্রিক্স’, কুচেমোড়ার মিজানুর রহমানের ‘টাটা ব্রিক্স’, গোগার হজরত আলীর ‘ রাজ ব্রিকস’, ইছাপুরের শফিউর রহমানের ‘এস টি ব্রিকস’, পশ্চিমকোটার আরফাত ইসলামের ‘নাইস ব্রিকস’ এবং পিঁপড়াগাছীর শহিদুল ইসলামের ‘সাফা ব্রিক্স’ সহ ২০টি ভাটা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল কবির জানান, ‘নবায়নের সুযোগ দিলে আমরা পরিবেশ ও শ্রম আইন মেনেই ভাটা পরিচালনা করতে প্রস্তুত। দেশের লাখ লাখ শ্রমিকের জীবিকা এর সঙ্গে জড়িত।

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান জানান, পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইট ভাটা চালানো সম্পূর্ণ বেআইনি। এসব অবৈধ ইট ভাটার বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।