ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বিবৃতি প্রত্যাশা করে না বাংলাদেশ: বিবিসি ইন্ডিয়াকে পররাষ্ট্র উপদেষ্টা

0
বিবিসি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ভারত-বাংলাদেশ সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে কোনো ধরনের রাজনৈতিক বিবৃতি প্রদান করুক, তা বাংলাদেশ সরকার প্রত্যাশা করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার (২১ জানুয়ারি) বিবিসি ইন্ডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই অবস্থান স্পষ্ট করেন। ১০ মিনিটের ওই সাক্ষাৎকারে তিনি ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ নিয়ে খোলামেলা আলোচনা করেন।

তৌহিদ হোসেন বলেন, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু অস্বস্তি বা ভুল বোঝাবুঝি থাকলেও ভৌগোলিক ও অর্থনৈতিক বাস্তবতায় সুসম্পর্ক বজায় রাখা দুই দেশের জন্যই অপরিহার্য। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের মাটিতে বসে সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক তৎপরতা দুই বন্ধুপ্রতিম দেশের সম্পর্কের জন্য ভালো কোনো উদাহরণ তৈরি করবে না।

সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতের উদ্বেগের বিষয়ে উপদেষ্টা জানান, বাংলাদেশে প্রতিটি বিচ্ছিন্ন ঘটনায় সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেন, ভারত সরকার তাদের অভ্যন্তরীণ সংখ্যালঘু নির্যাতন নিয়ে যেমন বাংলাদেশের হস্তক্ষেপ পছন্দ করে না, বাংলাদেশের বিষয়েও ভারতের একই নীতি মেনে চলা উচিত। পাকিস্তান প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পর্ক খারাপ করেছিল, তবে বর্তমান অন্তর্বর্তী সরকার সবার সঙ্গেই বন্ধুত্বপূর্ণ ও ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখতে চায়।