মাদক ও সন্ত্রাসমুক্ত যশোর গড়ার প্রত্যয়; ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণা শুরু

0
যশোর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আরবপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ যশোরকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন যশোর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সদর উপজেলার আরবপুর ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এই নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেন।

পথ সভায় বক্তব্যকালে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “যশোরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান দায়িত্ব। আমি কথা দিচ্ছি, আপনাদের সহযোগিতায় সন্ত্রাস ও মাদক মুক্ত যশোর গড়ে তুলবো।” তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই যশোরে কোনো মাদক সন্ত্রাসীর ঠাঁই হবে না। সে যদি আমার দলেরও হয়, তার জায়গা বিএনপিতে হবে না।”

অমিত আরও বলেন, বিগত দিনে ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাসের কারণে বিভেদ তৈরি করা হয়েছিল, কিন্তু বিএনপি সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতিতে বিশ্বাসী। তারেক রহমানের নেতৃত্বে সবাইকে নিয়ে নতুন করে যশোর গড়ার ঘোষণা দেন তিনি।

বক্তব্যের একপর্যায়ে তিনি তাঁর পিতা সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করে বলেন, যশোরের প্রতিটি সেক্টরে জনগণের দাবি অনুযায়ী উন্নয়নের চাকা সচল রাখা হবে। আরবপুর ইউনিয়নের বিভিন্ন পথ সভা শেষে তিনি সুজলপুর ঋষি পাড়ায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।