পরিচয় গোপন করে একের পর এক নিধনযজ্ঞ: সাভারের ‘সিরিয়াল কিলার’ এখন কারাগারে

0
খুনের নেশায় মত্ত সবুজ শেখ; সাভারে ভবঘুরেদের যমদূত হয়ে উঠেছিল এই সিরিয়াল কিলার ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সাভারে চাঞ্চল্যকর একাধিক হত্যাকাণ্ডের হোতা কথিত ‘মশিউর রহমান খান সম্রাট’-এর আসল পরিচয় প্রকাশ করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃত সিরিয়াল কিলারের প্রকৃত নাম সবুজ শেখ। তার বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানার মোসামান্দা গ্রামে।

পুলিশি তদন্ত ও আদালতে দেওয়া জবানবন্দি অনুযায়ী, সবুজ ওরফে সম্রাট নাম ও পরিচয় গোপন রেখে ভবঘুরে নারীদের সঙ্গে শারীরিক সম্পর্কের ফাঁদ পাতত। এরপর তাদের পরিত্যক্ত ও নির্জন ভবনে নিয়ে যেত। সেখানে অনৈতিক কাজে লিপ্ত হওয়া বা অন্য কারো সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে সে একে একে ছয়জনকে নৃশংসভাবে হত্যা করে। সর্বশেষ গত শনিবার রাতে সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে এক কিশোরীসহ দুজনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়।

সবুজ ওরফে সম্রাট গত ২০২৫ সালের ৪ জুলাই সাভার মডেল মসজিদের সামনে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার মাধ্যমে তার কিলিং মিশন শুরু করে। এরপর ২৯ আগস্ট, ১১ অক্টোবর এবং ১৯ ডিসেম্বর একইভাবে আরও তিনজনকে হত্যা করে। গতকাল সোমবার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি শেষে ঘাতক সবুজ শেখকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ তার দেওয়া তথ্যের সত্যতা আরও গভীরভাবে যাচাই করে দেখছে।