খুলনায় নদীতে পড়ে স্কুলছাত্র নিখোঁজ

0
রাফি (১০)

খুলনা ব্যুরো ॥ খুলনায় রূপসা নদীতে পড়ে রাফি (১০) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। গত শুক্রবার বিকেলে বন্ধুদের সাথে খেলতে গিয়ে কাঠবোঝাই নৌকা থেকে নদীতে পড়ে যায় সে। রাফি খুলনা জিলা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, রাফি নগরীর রূপসা স্ট্রান্ড রোড এলাকার অ্যাড. শাহাজাহানের বাড়ির ভাড়াটিয়া রফিক শেখের ছেলে। শুক্রবার বিকেলে নামাজ আদায় করার কথা বলে বাড়ি থেকে বের হয়। এর পর সে বন্ধুদের সাথে লবণচরা রোডে গোলার পেছনে কাঠ বোঝাই নৌকায় উঠে বন্ধুদের সাথে খেলতে থাকে।

একপর্যায়ে সে নৌকা থেকে পড়ে যায়। নদীতে অনেক স্রোত থাকায় তাকে উদ্ধার করা যায়নি। নিখোঁজ রাফির মামা মো. করিম জানান, শনিবার বিকেল পর্যন্ত নদীর কোথাও তার সন্ধান মেলেনি ।

এ বিষয়ে রূপসা নৌ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, খবর পাওয়ার পর নৌ পুলিশের পাশাপাশি স্থানীয় ডুবরিরা উদ্ধার কাজে অংশ নেন। উদ্ধার কাজে বিভিন্ন স্থানে ট্রলার নিয়ে কার্যক্রম অব্যাহত রয়েছে।