রাজনীতি মানে ক্ষমতায় গিয়ে জুলুম নির্যাতন নয়

খালেদা জিয়ার দোয়া মাহফিলে অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, রাজনীতি মানে ক্ষমতায় গিয়ে জুলুম নির্যাতন আর জনগণের অর্থ লোপাট করা নয়।

রাজনীতি মানে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা। বেগম খালেদা জিয়া সেই কাজটি করেছিলেন। তিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন, মানুষের কষ্ট লাঘব করেছেন। মানুষের জীবনমানের সকল ক্ষেত্রে পরির্বতনে তার অবদান রয়েছে। যার শুরুটা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে পথ অনুসরণ করে বেগম খালেদা জিয়া জনকল্যাণে আত্মনিয়োগ করেছিলেন।

আমাদের অভিভাবক তরিকুল ইসলামও সেই কাজটি করেছিলেন। সে কারণে তাদের বিদায়ের পরও দলমত নির্বিশেষে মানুষ তাদের সকল কাজের স্বীকৃতি দেয়। তাদের জন্যে দোয়া করে। আমাদের অভিভাবক তরিকুল ইসলাম এই যশোরে কবরস্থান ও মসজিদের যেভাবে উন্নয়ন করেছেন ঠিক একইভাবে মন্দির ও শ্মশানের উন্নয়ন করেছেন।

আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো জীবন গড়তে চাই। সকলে মিলে আগামী দিনে এই যশোরকে নতুনভাবে গড়তে চাই। মানুষের কল্যাণে কাজ করতে চাই।

বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবলু। অন্যান্যের ভেতর বক্তৃতা করেন, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ন ম শরিফুল আনাম আজাদ, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, জিয়া স্মৃতি পাঠাগার যশোরের সভাপতি আরিফ হোসেন লতা, নওয়াপাড়া ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ হালদার, খেলাফত মজলিশের নেতা হাফেজ মীর মোহর আলী, পল্লী চিকিৎসক মশিয়ার রহমান, বৈদ্যনাথতলা পূজা মন্দির কমিটির সভাপতি গোপাল চন্দ্র প্রমুখ। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আমিনুর রহমান মধু।