ডিভাইসসহ সরকারি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ২ সদস্য আটক

0

লোকসমাজ ডেস্ক ॥ সরকারি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনসহ অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরের দিকে নগরীর পুলিশ লাইন সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি মোড় থেকে তাদের দু’জনকে আটক করা হয়।

আটকরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া এবং গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র।

রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, একটি চক্র আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করছে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দু’জন স্বীকার করেছেন ডিজিটাল ডিভাইস সরবরাহের লক্ষ্যে তারা সেখানে অবস্থান করছিলেন। আমরা তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি।