নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি; জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

0
নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পেলেন নাসিমুল গনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থেকে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ প্রশাসনের শীর্ষ পদ মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি, ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

নাসিমুল গনি চুক্তিভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। এখন থেকে তিনি একই ভিত্তিতে মন্ত্রিপরিষদ সচিবের গুরুদায়িত্ব পালন করবেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদের চুক্তি বাতিল করা হয়েছিল এবং অন্তর্বর্তীকালীন সময়ে মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। নাসিমুল গনির নিয়োগের মাধ্যমে প্রশাসনে একটি স্থায়ী কাঠামো ফিরে এল।

নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের একজন দক্ষ কর্মকর্তা। তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, বিটিভির মহাপরিচালক এবং রাষ্ট্রপতির একান্ত সচিবসহ গুরুত্বপূর্ণ অসংখ্য পদে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে ওএসডি হওয়ার পর ২০১৩ সালে তিনি অবসরে যান। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার তাঁকে পুনরায় প্রশাসনে ফিরিয়ে আনে। প্রথমে রাষ্ট্রপতির কার্যালয় এবং পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে তিনি তাঁর যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।