ভোটকেন্দ্রে জন্ম নিল ফুটফুটে কন্যা শিশু, নাম রাখা হলো ‘খালেদা জিয়া’

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে ভোট দিতে গিয়ে ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের এক গৃহবধু আম্বিয়া খাতুন। ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার পর হঠাৎ করেই তার প্রসব যন্ত্রনা শুরু হয়। পরে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। সেই মেয়ের নাম রাখা হয়েছে বেগম খালেদা জিয়া।

রবিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম নবজাতককে শুভেচ্ছা জানাতে গৃহবধুর বাড়িতে যান। এসময় নবজাতক ও তার মায়ের সার্বিক খোঁজখবর নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শরিফুল ইসলাম আকন্দের স্ত্রী আম্বিয়া খাতুন ভোট দিতে যান। লাইনে দাঁড়িয়ে থাকার পরে তার প্রসব ব্যথা উঠে। এসময় পাশের বাড়িতে নেওয়ার পর তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন।

পরিবার নবজাতকের নাম রেখেছে খালেদা জিয়া। ভোটের দিনে এমন ব্যতিক্রমী ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার ঝড় তোলে।

নবজাতকের বাবা শরিফুল ইসলাম বলেন, ভোটের মতো গুরুত্বপূর্ণ দিনে সন্তানের জন্ম হওয়ায় স্মরণীয় করে রাখতে আমারা মেয়ের নাম রেখেছি বেগম খালেদা জিয়া। আজকে জেলা প্রশাসক মেয়ে দেখতে এসে তিনি নাম রাখেন ‘ত্রয়ো’।

জেলা প্রশাসক বলেন, একটি নতুন প্রাণের আগমন সবসময়ই আনন্দের। এই শিশুই আগামীর স্বপ্ন। আমরা তার সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করি।

তিনি আরও বলেন, যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে নবজাতকের জন্ম হয়েছে। সেই জন্য পরিবারের নামের সঙ্গে আমিও ত্রয়ো নাম রাখলাম। একই সঙ্গে নবজাতকের জন্য শুভকামনাও রইলো।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম মণ্ডল বলেন, নবজাতক খালেদা জিয়াকে একনজর দেখার জন্য দূর-দূরন্ত থেকে লোকজন আসছে শরিফুলের বাড়িতে। এলাকায় এক ধরনের আনন্দ বিরাজ করছে।