প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বিদায়ী সাক্ষাৎ

0
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং জেনারেল ওয়াকার-উজ-জামানের দায়িত্বকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রফেসর মুহাম্মদ ইউনূস সেনাপ্রধানের দায়িত্ব পালনকালে তাঁর নেতৃত্বের প্রশংসা করেন। বিশেষ করে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর ঐকান্তিক সহযোগিতা ও পেশাদারিত্বের জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান এবং গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেনাপ্রধানও তাঁর দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।