মেহেরপুরে ১৪ মাধ্যমিক বিদ্যালয়ের ৬৯ শিক্ষকই ভুয়া!

0
মেহেরপুরে শিক্ষক নিয়োগে লঙ্কাকাণ্ড; স্বাক্ষর জাল করে ১৪ স্কুলে ৬৯ ভুয়া শিক্ষক ।। ছবি: এআই জেনারেটেড

লোকসমাজ ডেস্ক ॥ মেহেরপুরের গাংনী উপজেলার মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় ভয়াবহ জালিয়াতির চিত্র উঠে এসেছে। উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়ম-নীতির তোয়াক্কা না করে অন্তত ৬৯ জন শিক্ষককে ভুয়া নিয়োগ দেওয়ার প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা প্রশাসনের তদন্ত কমিটি। জালিয়াতি করতে শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি, স্কুল কমিটির সভাপতি ও সদস্যদের স্বাক্ষর পর্যন্ত জাল করা হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাবে মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে এসব নিয়োগ সম্পন্ন হয়। অভিযুক্ত বিদ্যালয়গুলো জেটিএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়, গাড়াবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কে এ বি মাধ্যমিক বিদ্যালয়, এইচ এম এইচভি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হাড়াভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, এম জি জি এম মাধ্যমিক বিদ্যালয়, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়, এনপি মাধ্যমিক বিদ্যালয়, বি বি এন মাধ্যমিক বিদ্যালয়, কাজীপুর মাথাভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, করমদি কল্যাণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এমবিকে মাধ্যমিক বিদ্যালয় মানিকদিয়া, এইচ বি মাধ্যমিক বিদ্যালয়, হাড়াভাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। অনেক শিক্ষকের বেতন চালু হলেও যশোর শিক্ষা বোর্ডে নিয়োগ সংক্রান্ত কোনো চিঠির অস্তিত্ব মেলেনি। অনেক প্রধান শিক্ষক অভিযোগ করেছেন, তৎকালীন স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় ক্যাডারদের চাপে তারা অসহায় ছিলেন।

দুদকের কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহম্মেদ রিয়াদ জানান, জালিয়াতির প্রাথমিক প্রমাণ মিলেছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহের পর কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে। তদন্ত কমিটির প্রধান ও মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম নজরুল কবীর জানিয়েছেন, বড় অঙ্কের অর্থ লেনদেনের বিষয়টি ইতোমধ্যে প্রমাণিত। জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়া এই শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।