একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না: তারেক রহমান

0
বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বামদলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “মুক্তিযুদ্ধই আমাদের জাতীয় ভিত্তি। একাত্তরকে বাদ দিলে বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না।” আজ সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাম দলগুলোর সমন্বয়ে গঠিত এই যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে আলোচনা করেন তারেক রহমান। অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক সুযোগ কাজে লাগিয়ে দেশ পুনর্গঠনে সরকার ও বিরোধী দল—সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বৈঠকে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

বৈঠকে তারেক রহমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে, বাম নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, একাত্তরের স্বাধীনতাবিরোধী কোনো শক্তি যেন আর কখনো বাংলাদেশে রাজনৈতিকভাবে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নে সব গণতান্ত্রিক শক্তিকে এক হওয়ার ডাক দেন তারা।